ফের পাথারকান্দিতে গেরুয়া ঝড়, দুই শতাধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগদান

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দির রাজনৈতিক অঙ্গনে ফের জোরালো সাড়া ফেলল বিজেপি। বুধবার দুই শতাধিক সংখ্যালঘু ভোটার একযোগে বিজেপিতে যোগদান করায় চাঙা হয়ে উঠেছে দলীয় শিবির। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আয়োজিত এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নবাগতদের গলায় দলীয় গামছা ও টুপি পরিয়ে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতৃবৃন্দ। করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ।

দলীয় সূত্রে দাবি, কেন্দ্র ও রাজ্যের ‘ডাবল ইঞ্জিন’ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই এই যোগদান। নবাগতদের বক্তব্যে উঠে আসে শিক্ষা, বিদ্যুৎ, পানীয়জল, রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছাপ স্পষ্ট। পাশাপাশি কৃষক, চা শ্রমিক, মহিলা ও যুবকদের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন তারা।
অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নবাগতদের একাংশ দাবি করেন, দীর্ঘদিন তারা শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহৃত হয়েছেন, কিন্তু বাস্তব উন্নয়ন দেখেননি। সেই হতাশা থেকেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।

এদিন কৃষ্ণেন্দু পাল বলেন, “আজকের এই যোগদান পাথারকান্দির মানুষের উন্নয়নের প্রতি আস্থার প্রতিফলন। রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য হওয়া উচিত।” তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সুরক্ষা ও মহিলাদের আত্মনির্ভরতা নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।
সব মিলিয়ে, এই যোগদান কর্মসূচি পাথারকান্দির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *