বরাক তরঙ্গ, ২৩ মার্চ : বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার হাফলং আসনে জমজমাট রাজনৈতিক আবহ লক্ষ্য করা গেছে। কংগ্রেস প্রার্থী হিসেবে প্রাক্তন মন্ত্রী নন্দিতা গার্লোসা মনোনয়নপত্র দাখিল করেন। বিজেপির টিকিট না পেয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাতে দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেন নন্দিতা গার্লোসা। পরে তাঁকে হাফলং আসনের কংগ্রেস প্রার্থী ঘোষণা করা হয়। সোমবার রাজীব ভবন থেকে যাত্রা শুরু করে জগন্নাথ মন্দিরে পূজা দেন এবং দুপুরে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা ও জেলা সভাপতি হাইজেরাংবে জেমির উপস্থিতিতে জেলা কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন দাখিলের পর তিনি জানান, বিজেপিতে থাকা তাঁর কাছে আবেগঘন অভিজ্ঞতা হলেও দলটিতে ভেদাভেদের রাজনীতি রয়েছে। কংগ্রেসে যোগ দিয়ে স্বস্তি প্রকাশ করে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ডিমা হাসাও জেলায় তাঁর যোগদানের রাজনৈতিক প্রভাব পড়বে বলে দাবি করেন। একইসঙ্গে হাফলং আসনে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
অন্যদিকে, একই দিনে বিজেপি প্রার্থী রূপালী লাংথাসা শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র দাখিল করেন। হাফলং জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে সহস্রাধিক সমর্থক নিয়ে মিছিল করে জেলা কমিশনারের কার্যালয়ে পৌঁছান তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন ডিফু লোকসভা কেন্দ্রের সাংসদ হরেন সিং বে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা সহ একাধিক নেতা।
মনোনয়ন জমা দিয়ে রূপালি লাংথাসা দাবি করেন, হাফলং আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত এবং অন্য কোনও দল বড় চ্যালেঞ্জ নয়। উন্নয়নের ভিত্তিতে ডিমা হাসাও জেলার মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, দেবোলাল গার্লোসা দাবি করেন, রূপালী লাংথাসা প্রায় ২০ হাজার ভোটে জয়ী হবেন।
উল্লেখ্য, এদিন এএসডিসি প্রার্থী হিসেবে আনজস টেরাংও মনোনয়ন দাখিল করেন। হাফলং আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।



