৪ এপ্রিল : আনন্দঘন মুহূর্ত হঠাৎই পরিণত হল শোকে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন সদস্য। মৃতদের মধ্যে রয়েছে ৬ জন শিশু। শুক্রবার রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার ডিন্ডোরি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসিকের ডিন্ডোরি তালুকার ইন্দোর গ্রামের বাসিন্দা দরগুড়ে পরিবার ওই রাতে স্থানীয় শিবাজি নগরের একটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১০টা নাগাদ হলের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর যাত্রীবোঝাই গাড়িটি সোজা রাস্তার ধারের একটি গভীর কুয়োয় গিয়ে পড়ে এবং জলের তলায় তলিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। উদ্ধারকাজে নামানো হয় দুটি বড় ক্রেন এবং প্রশিক্ষিত ডুবুরি দল। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর রাতেই কুয়ো থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকেই ৯ জনের নিথর দেহ উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে রয়েছেন সুনীল দত্ত দরগুড়ে (৩২), তাঁর স্ত্রী রেশমা, আশা অনিল দরগুড়ে (৩২) এবং পরিবারের ৬ শিশু। দেহগুলি ময়নাতদন্তের জন্য ডিন্ডোরির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ একটি মামলা রুজু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



