বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ব্যাপক রদবদল করা হলো রাজ্য পুলিশে। বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সম পদমর্যাদার ৮২ জন আধিকারিককে। এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। যে ৮২ জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাছাড়ের এএসপি (হেডকোয়ার্টার) সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এএসপি (অপরাধ দমন) অমিত রাজ চৌধুরী।
সুব্রত কুমার সেনকে বদলি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ক্ষেত্রে নিয়োজিত বাহিনীতে একই পদে। তাঁর স্থলে কাছাড়ে আসছেন ওই পদে থাকা মানস শইকিয়া। অমিত রাজ চৌধুরীকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে বজালিতে এএসপি (হেডকোয়ার্টার) পদে। তাঁর স্থলে আসছেন বজালিতে এএসপি (হেডকোয়ার্টার) পদে কর্মরত ত্রিনয়ন ভূইয়া। শ্রীভূমির অ্যাসিস্টান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ভিকু এল আচুমিকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে গুয়াহাটি পুলিশ কমিশনারেটে এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (সেন্ট্রাল) পদে। আচুমির স্থলে বর্তমানে কর্তব্য নির্বাহ করবেন শ্রীভূমিতেই পুলিশের সীমান্ত শাখায় কর্মরত মানস-প্রতিম চৌধুরী।
বদলিপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন শ্রীভূমি এরালিগুলের ১৫অসম পুলিশ ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড অসীমা কলিতাও। তাঁকে বদলি করা হয়েছে গোয়ালপাড়ার এএসপি (অপরাধ দমন) পদে। শিলচর কাঁঠাল ষষ্ঠ অসম পুলিশ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভাস্কর ওঝাকে বদলি করা হয়েছে হাউলির ২৮ অসম পুলিশ ব্যাটেলিয়ানে একই পদে। কাছাড়ের ডিএসপি (এস এন্ড আই) হেমেন দাসকে চিরাংয়ে ডিএসপি (ডিএসবি), হাইলাকান্দির ডিএসপি (সীমান্ত) বিদ্যুৎ কুমার শইকিয়াকে একই জেলায় ডিএসপি (হেডকোয়ার্টার), গুয়াহাটি কাহিলিপাড়ায় ডিএসপি, এস বি (হেডকোয়ার্টার) আনোয়ার হোসেনকে শিলচর কাঁঠালে ষষ্ঠ অসম পুলিশ ব্যাটেলিয়ানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং হাইলাকান্দির ডিএসপি (হেডকোয়ার্টার) সুরজিৎ চৌধুরীকে বদলি করা হয়েছে একই জেলায় ডিএসপি (সীমান্ত) পদে।



