লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীত্ব নিয়ে ৪ জনের মধ্যে লড়াই

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : অসমের ১০ নং নগাঁও  লোকসভা কেন্দ্রের অন্তর্গত মরিগাঁও জেলার কংগ্রেসের দুর্গ হিসেবে খ্যাত ৫৩ নং লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক হাওয়া ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। রাজ্যে বিজেপির জয়জয়কারের মধ্যেও কংগ্রেসের টিকিটের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিনে গুয়াহাটির রাজীব ভবনে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। অসমর ১২৬টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭৯০ জন প্রার্থীপ্রত্যাশী গুয়াহাটির কংগ্রেসের মুখ্য কার্যালয় রাজীভ ভবনে আবেদনপত্র জমা দিয়েছেন। দলের রেকর্ড সংখ্যক টিকিটপ্রত্যাশীর আবেদনকে কংগ্রেস নেতৃত্ব আশাব্যঞ্জক হিসেবে চিহ্নিত করলেও একাংশে এটিকে আগামী নির্বাচনে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বলে অভিহিত করছেন। স্বাধীনতার পর ১৯৮৫ সালে মাত্র একবার এস কংগ্রেসের (সোশ্যালিস্ট) দখলে যাওয়া মধ্য অসমের কংগ্রেসের এই দুর্গ হিসেবে চিহ্নিত ৫৩ নং লাহরিঘাট কেন্দ্রে আগন্তুক নির্বাচনে মাত্র চারজন প্রার্থী কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছেন। তারা  যথাক্রমে বর্তমানের বিধায়ক ডাঃ আসিফ মোহাম্মদ নাজার, ডাঃ ফরিদুল হোসেন, ইমদাদ হোসেন এবং নেকিবুর রহমান হাজরিকা। পূর্বের ৮৪ নং লাহরিঘাট কেন্দ্রে ১৭ বছর প্রয়াত আবুল কাসেম (কংগ্রেস) ক্ষমতায় ছিলেন। অসম আন্দোলনের সময়ে ১৯৮৫ সালে এস কংগ্রেসের আব্দুল জলিলের দখলে যায় কেন্দ্রেটি। ১৯৯১ সালে সামসুল হুদা কংগ্রেস থেকে বিধায়ক হয়ে হিতেশ্বর শইকিয়ার মন্ত্রিসভায় স্বতন্ত্র রাজ্য মন্ত্রী হন। জনসাধারণের প্রবল দাবিতে কংগ্রেস নেতৃত্ব ডাঃ নজরুল ইসলামকে ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিট প্রদান করে। যার ফলে ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে ২০০২ সাল থেকে তরুণ গগৈয়ের মন্ত্রিসভায় ১৪ বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ডাঃ নজরুল ইসলাম।২০২১ সালে ডাঃ নজরুল ইসলামের স্বাস্থ্যের অবনতিতে কংগ্রেস দলে টিকিটের প্রবল দাবিদার হয়ে ওঠেন কংগ্রেস দলের মুখপাত্র ইমদাদ হোসেন। তবে ডাঃ নজরুল ইসলামের সুবাদে তার পুত্র ডাঃ আসিফ মোহাম্মদ নাজার কংগ্রেসের দলীয় টিকিট লাভ করেন।

অন্যদিকে ২০২১ সালে এআইইউডিএফ-এর সাথে কংগ্রেসের মৈত্রী থাকার কারণে এআইইউডিএফ-এর সিদ্দিক আহমেদ দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ২০২১ সালের নির্বাচনে কংগ্রেসের ডাঃ আসিফ মোহাম্মদ নাজার পেয়েছিলেন ৬০,৯৩২টি ভোট। তার বিপরীতে নির্দলীয় প্রার্থী সিদ্দিক আহমেদ পেয়েছিলেন ৫৮,৯০৪টি ভোট। বিজেপির কামরুজ্জামান জিন্না পেয়েছিলেন ৩৪,৭৩২টি ভোট। নির্দলীয় সিদ্দিক আহমেদের ট্র্যাক্টর এবং অন্য নির্দলীয় প্রার্থী মহেন্দ্র পাটগিরির ‘অটোর’ প্রতীক একই রকম হওয়ায় ‘অটোর’ প্রতীকে ৩,৭৮৩টি ভোট যায়, যার ফলে শেষ পর্যন্ত ২,০২৮টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন কংগ্রেসের ডাঃ আসিফ মোহাম্মদ নাজার। এবার আসন্ন ২০২৬ সালের নির্বাচনে লাহরিঘাট থেকে  কংগ্রেসে দলে থেকে টিকিট দাবি করেন সাংবাদিক নেকিবুর রহমান হাজরিকা, ডাঃ ফরিদুল হোসেন, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইমদাদ হুসেইন এবং বর্তমানে বিধায়ক আসিফ মোহাম্মদ নাজার। লাহরিঘাট কেন্দ্রের দু’টি ব্লকের ৩০টি পঞ্চায়েতে প্রায় তিন লক্ষাধিক ভোটার রয়েছেন। এদিকে, কেন্দ্রের কয়েকটি পঞ্চায়েতে এআইইউডিএফ-এর ভোটার রয়েছে। কংগ্রেসের পরেই লাহরিঘাট কেন্দ্রে সর্বাধিক সমর্থন রয়েছে এআইইউডিএফ দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *