উচ্চশিক্ষায় মহা বিপদ, দেশজুড়ে চলছে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়!

Spread the news

২০ ফেব্রুয়ারি : ডিগ্রি পাওয়ার আশায় ভর্তি হয়ে শেষে দেখবেন সব ভুয়ো! উচ্চশিক্ষার নামে দেশজুড়ে পাতা রয়েছে এমনই প্রতারণার ফাঁদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC সারা দেশে মোট ৩২টি এমন ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করল। UGC জানিয়েছে, এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেওয়ার কোনও আইনি অধিকারই নেই। উদ্বেগের বিষয় হলো, এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও।

UGC সাফ জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি UGC আইনের অধীনে স্বীকৃত নয়। চাকরি বা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের দেওয়া ডিগ্রি সম্পূর্ণ অচল। গত দু’বছরে এই ভুয়ো প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হয়েছে। ১২টি রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। সেখানে এক ডজনেরও বেশি এমন ভুয়ো প্রতিষ্ঠান চলছে। উত্তরপ্রদেশে ৪টি এবং অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ২টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সন্ধান মিলেছে। এ ছাড়া রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশে ১টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানিয়েছে UGC। এই চারটি রাজ্যেরই নাম নতুন করে যুক্ত হয়েছে এই তালিকায়।

ভর্তির মরসুমের আগে পড়ুয়া ও অভিভাবকদের চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। সস্তায় বা সহজে ডিগ্রি পাওয়ার লোভে পা দিলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। UGC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন যাচাই করে তবেই ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *