জনসংযোগ, হাইলাকান্দি।
হাইলাকান্দি, ২৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে আবগারি বিভাগ জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ মদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।
গত ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চালানো এই অভিযানে আবগারি দল মোট ৫টি রেইড এবং ২টি পেট্রোলিং পরিচালনা করে। এই সময়ের মধ্যে মোট ৩২টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে আসাম আবগারি (সংশোধিত) আইন, ২০১৮-এর ৫৩(১) ধারায় ৩১টি এবং ৬১(৩) ধারায় ১টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযান চলাকালীন ১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জরিমানা বাবদ ১০০০ টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে।এদিকে, আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে যে অভিযানের সময় কোনও আইএমএফএল বিয়ার বা দেশি স্পিরিট বাজেয়াপ্ত করা না গেলেও ঘটনাস্থলেই বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪০ লিটার দেশি মদ, প্রায় ৯৬০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ১২টি ডিস্টিলিং যন্ত্র। আবগারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ মদ উৎপাদন ও বিক্রি রুখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের প্রভাবমুক্ত রাখতে প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে।



