বরাক তরঙ্গ, ৭ মার্চ : ডিমা হাসাওয়ে জেলার থানার অন্তর্গত বড়ো হাফলং এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, লামডিং থেকে হাফলংমুখী এএস ০৮ সি ৪৪০৯ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে যায়। পরে গাড়িটি উল্টে গিয়ে নিউ হাফলং রেলস্টেশনের অ্যাপ্রোচ রাস্তায় পড়ে।
এই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আরও পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।




