তুষারপাতের আটকে পড়া ২৮ জন পর্যটক উদ্ধার

২৯ জানুয়ারি : ফের ‘ব্ল্যাক আইস’-এর মরণ ফাঁদ! বুধবার হঠাৎ তুষারপাতের জেরে উত্তর সিকিমের উঁচু এলাকায় তৈরি এমনই মরণফাঁদে আটকে পড়া ২৮ জন পর্যটক উদ্ধার। সেনাবাহিনী, সিকিম পুলিশ এবং লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টা নাগাদ পর্যটকদের উদ্ধার করে লাচুংয়ে নামিয়ে আনে। বৃহস্পতিবার দলটি গ্যাংটকে ফিরে যায় বলে খবর।

লাচুং জোমসা হোটেল অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ অক্লান্ত পরিশ্রম করে জিরো পয়েন্ট থেকে ২৮ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই পর্যটকদের মধ্যে ছিলেন ২০ জন পুরুষ, ৮ জন মহিলা ও শিশু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৩০০ ফুট উঁচু উত্তর সিকিমের জিরো পয়েন্টে বুধবার বিকেল থেকে বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি তুষারপাত চলছে। জিরো পয়েন্ট স্থানীয় ভাষায় ইউমেসামডং নামে পরিচিত। এখানে অক্সিজেনের মাত্রা বেশ কম হলেও তুষারপাতের মজা নিতে বুধবার প্রচুর পর্যটক পৌঁছে গিয়েছিলেন। তুষারপাত হয়েছে লাচুং, লাচেন, ইয়ুমথাং উপত্যকা এবং গুরুদংমার হ্রদের উঁচু এলাকাতেও। হঠাৎ তুষারপাতের ফলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। তৈরি হয় ‘ব্ল্যাক আইস’-এর মরণফাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *