৪ ফেব্রুয়ারি : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা তিন দিন ধরে চলা সামরিক অভিযান ও সশস্ত্র সংঘর্ষে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। একই সময়ে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন সেনা সদস্য। সংঘর্ষে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। বুধবার জিও নিউজ এ তথ্য জানায়।
হামলার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রদেশজুড়ে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। প্রথম ধাপেই ৯২ জন সশস্ত্র সদস্য নিহত হন, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিলেন বলে জানানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, হামলাকারীরা নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমিকদের লক্ষ্যবস্তু করেছে এবং এর উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। তীব্র লড়াইয়ে ওই দিনই ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হন বলেও জানায় সংস্থাটি।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্যানিটাইজেশন অপারেশন চালিয়ে হামলার পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইএসপিআরের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার পরিকল্পনা পাকিস্তানের বাইরে অবস্থানরত নেতারা সমন্বয় করেছেন।



