৬ ফেব্রুয়ারি : সুদানের দক্ষিণ কুরদোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বুধবার বা বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসাকর্মী রয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। হামলাটি চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্যটি রিপোর্ট করেছে। সুদানের স্থানীয় মানবিক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্কের বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ চারজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত আটজন। সংস্থাটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা এক স্পষ্ট যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-কুয়েইক হাসপাতালের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কুর্দোফানজুড়ে ধারাবাহিক হামলার কারণে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতি ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং সাধারণ মানুষের জন্য অবশিষ্ট স্বাস্থ্যসেবা মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



