মাজুলিতে বিষক্রিয়ায় পরিযায়ী পাখির মৃত্যু, আটক ১৭, ঘটনায় তীব্র উদ্বেগ

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : মাজুলি জেলার কোমারগাঁও ও পার্শ্ববর্তী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় কৃষিজমি থেকে প্রায় অর্ধশত পরিযায়ী পাখিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জমিতে অসংখ্য পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা পাখিদের বিষ প্রয়োগ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, খাদ্যের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে পাখিদের হত্যা করা হয়েছে। ঘটনায় অন্তত আটটি আহত পরিযায়ী পাখিকে উদ্ধার করে রতনপুর পশুচিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে এবং কয়েকটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৭ জনকে আটক করে।

কী ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে এবং তা কীভাবে পাখিদের মৃত্যু ঘটিয়েছে, সে বিষয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরিবেশবিদ ও বন বিভাগ এই ঘটনাকে পরিবেশের জন্য ভয়াবহ সংকেত বলে উল্লেখ করেছেন। তাদের মতে, পরিযায়ী পাখির মৃত্যু শুধু জীববৈচিত্র্যের ক্ষতিই নয়, বরং পরিবেশের ভারসাম্যের ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *