৩ এপ্রিল : রাজস্থানের কোটা জেলায় ছাগলকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে এক যুবককে খুনের ঘটনায় একই পরিবারের ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এই রায়ে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে-সহ পরিবারের আরও কয়েকজন সদস্য।
ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৩১ অগস্ট কোটা শহরের উদ্যোগ নগর থানার বম্বে যোজনা এলাকায়। নিহত যুবকের নাম ইশতিয়াক হুসেন। তিনি রাজস্থান পুলিশের অবসরপ্রাপ্ত এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের ছেলে ছিলেন। জানা গিয়েছে, ইশতিয়াকের মামা আব্দুল আজিদের সঙ্গে তার প্রতিবেশী রামজানির একটি ছাগলকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই তর্কাতর্কি ক্রমেই তীব্র আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে ইশতিয়াক হুসেন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে রামজানির বাড়িতে যান। কিন্তু অভিযোগ, সেখানে পৌঁছনোর পর রামজানি ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র, লোহার রড এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালান। ওই হামলায় গুরুতর জখম হন ইশতিয়াক।
ইশতিয়াকের মৃত্যুর পর তার ভাই জাহিদ হোসেন উদ্যোগ নগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রামজানি ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। মামলার শুনানি শেষে কোটা জেলার আদালত একই পরিবারের ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পুলিশের দাবি, এই প্রথম কোটা জেলায় একসঙ্গে এতজনকে যাবজ্জীবনের সাজা দেওয়া হল। বিচারক মন্তব্য করেন, তুচ্ছ বিষয় থেকে হিংসা ও খুনের ঘটনা ঘটলে আইনের কঠোর প্রয়োগ করতেই হবে।



