মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : মাদকবিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্কুটির মাধ্যমে বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পাথারকান্দি থানার একটি বিশেষ দল। রাত প্রায় ১০টা নাগাদ ওসি মানুষজ্যোতি বড়োর নেতৃত্বে টুকেরবাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন AS 10G 6143 নম্বরের একটি সন্দেহভাজন স্কুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে স্ক্যুটির ভেতর থেকে উদ্ধার হয় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থল থেকেই স্কুটির চালক কালেম উদ্দিন (২৭)-কে গ্রেফতার করা হয়। সে লক্ষিপুর বাংলাটিলা গ্রামের বাসিন্দা।
পাথারকান্দি থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় এই বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বৃহৎ মাদক চক্র জড়িত থাকতে পারে। ফলে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।



