বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : একটি যাত্রীবাহী টেম্পো এবং একটি ইকো ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। দুর্ঘটনাটি তামুলপুর জেলার গোরেশ্বর চক এলাকায় সোমবার সকাল প্রায় ৬টা নাগাদ সংঘটিত হয়। দুর্ঘটনায় মহেশ বড়ো নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও ১১ জন গুরুতরভাবে আহত হন।
জানা গেছে, রঙিয়া থেকে তামুলপুরের দিকে আসা AS-28-C-4667 নম্বরের যাত্রীবাহী টেম্পোটির সঙ্গে বিপরীত দিক থেকে, অর্থাৎ ভুটানের দিক থেকে রঙিয়ার দিকে যাওয়া AS-13-R-7370 নম্বরের ইকো ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালান এবং আহত সকলকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তামুলপুর মহকুমা অসামরিক হাসপাতাল পাঠানো হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



