মিজোরামের জনজাতীয় স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘর ও ঐতিহ্যবাহী মিজো গ্রাম পরিদর্শন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠান ও রজতজয়ন্তী উদযাপনে যোগ দিতে মিজোরাম সফরে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরের অংশ হিসেবে রবিবার তিনি কেলসিহে অবস্থিত ‘রোপুইলিয়ানি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম’ এবং ফালকাউনের ‘টিপিক্যাল মিজো ভিলেজ’ (লিভিং মিউজিয়াম) পরিদর্শন করেন।

প্রথমে রাষ্ট্রপতি কেলসিহের রোপুইলিয়ানি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামে যান। সেখানে তাঁকে মিজো জনজাতির স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বপূর্ণ ইতিহাস এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁদের প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। জাদুঘর প্রাঙ্গণে মিজোরামের রাজ্যবৃক্ষ ‘হেরহসে’ বা মেসুয়া ফেরিয়ার একটি চারা রোপণ করেন রাষ্ট্রপতি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল জেনারেল (ড.) বিজয় কুমার সিং (অবসরপ্রাপ্ত)।

এরপর রাষ্ট্রপতি ফালকাউনে অবস্থিত ‘টিপিক্যাল মিজো ভিলেজ’ পরিদর্শন করেন। উল্লেখ্য, এটি ভারতের প্রথম ও একমাত্র এই ধরনের জীবন্ত জাদুঘর। সেখানে মিজোদের ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে গ্রামপ্রধান ও তাঁর স্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

মিজো জনজাতির প্রাচীন জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে রাষ্ট্রপতিকে পরিচিত করাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী লোকনৃত্য ও লোকসঙ্গীত। পাশাপাশি মিজোদের প্রচলিত খেলাধুলা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। স্থানীয় হস্তশিল্প ও প্রাচীন তাঁত বোনার পদ্ধতি সরাসরি তুলে ধরেন শিল্পীরা।

ফালকাউনের জীবন্ত জাদুঘর প্রাঙ্গণেও মিজোরামের রাজ্যবৃক্ষ মেসুয়া ফেরিয়ার একটি চারা রোপণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এই সফরের মধ্য দিয়ে মিজোরামের সমৃদ্ধ জনজাতীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক বিশেষভাবে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *